ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এক নারীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের গুরুতর অভিযোগ এনে তাঁর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়াস্থ আয়েশা-আমজাদ পল্লী সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত নারগিছ আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কারবার ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ কলুষিত হচ্ছে এবং তরুণ সমাজ বিপথে যাচ্ছে। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্তের দ্রুত অপসারণ ও আইনগত ব্যবস্থা দাবি করেন।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা রেখা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আর এই পরিস্থিতি সহ্য করতে পারছি না। মাদক ও অসামাজিক কাজ আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।”
মাহমুদা বেগম বলেন, “পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”
অপর এক বাসিন্দা খাদিজা বেগম অভিযোগ করেন, ওই নারী আগেও বিভিন্ন এলাকা থেকে একই ধরনের অভিযোগের কারণে বিতাড়িত হয়েছেন। এখানে এসেও তিনি একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আখলিমা, পারভীন, শিলা আক্তার, জোবেদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারগিছ আক্তারকে আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ