রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির শুরুতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশিত হয়। পরবর্তীতে রাত ১২টা ১ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্রহল, ছাত্রীহল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে পৃথকভাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া বলেন:

"ভাষা আন্দোলনের চেতনার অভিঘাতই আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে। এই চেতনার শক্তিই আজও আমাদের সকল অন্যায়, অবিচার ও আগ্রসন প্রতিহত করতে সচেষ্ট রেখেছে। এই চেতনাকে লালন করেই আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের অগ্রগামী হতে হবে।"

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য দেন প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

এম.এ.কে/সকালবেলা

মন্তব্য করুন