ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রায় ২৪ বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে দলটির শীর্ষ ও প্রবীণ নেতাদের প্রায় সবাই জয়লাভ করেছেন। ইতোমধ্যে দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
সরকার গঠনের প্রস্তুতির পাশাপাশি এখন সবচেয়ে বড় আলোচনা চলছে 'বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা' অর্থাৎ নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে। দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রে বেশ কয়েকজনের নাম সামনে এসেছে।
নতুন মন্ত্রিসভা গঠনের পাশাপাশি অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে বিএনপি। আলোচনায় থাকা শীর্ষ নামগুলো হলো:
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী এই ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করার বিষয়ে বিএনপিতে ব্যাপক আগ্রহ রয়েছে। আন্তর্জাতিক মহলে তাঁর গ্রহণযোগ্যতা এবং দেশের স্থিতিশীলতায় তাঁর ভূমিকার কারণে তাঁকে এই সম্মানজনক পদে রাখার চিন্তা চলছে।
নজরুল ইসলাম খান: বিএনপির স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্যকে রাষ্ট্রপতি পদের অন্যতম শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে। জিয়া পরিবারের প্রতি তাঁর দীর্ঘদিনের আনুগত্য এবং বিশ্বস্ততার পুরস্কার হিসেবে তাঁকে এই পদে দেখা যেতে পারে। তিনি এর আগে কুয়েতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: দলের মহাসচিব হিসেবে দীর্ঘ সময় রাজপথে নেতৃত্ব দেওয়া এই নেতাকেও রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
ড. আব্দুল মঈন খান: বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবং অভিজ্ঞ রাজনীতিকের নামও আলোচনায় রয়েছে।
এছাড়াও অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারীর নামও বিশেষ মহলে আলোচিত হচ্ছে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ টিম। এতে নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় অভিজ্ঞ অনির্বাচিত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার দেশের ভেঙে পড়া শাসনব্যবস্থা পুনর্গঠন এবং অর্থনৈতিক সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এন.ডি/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ