নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, সন্ধ্যার দিকে একদল ব্যক্তি হঠাৎ করে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, "স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন দলবদ্ধ হয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। ভাঙচুর শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।" তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন