বিএনপির মনোনয়ন থেকে বাদ পড়লেন যেসব হেভিওয়েট

বিএনপির মনোনয়ন থেকে বাদ পড়লেন যেসব হেভিওয়েট

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ৩৬ সদস্যের এই তালিকায় বেশ কিছু নতুন মুখ এবং চমক থাকলেও ঠাঁই হয়নি দলের অনেক প্রভাবশালী ও হেভিওয়েট নেত্রীর। এমনকি রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের আলোচিত বেশ কিছু মুখও এই যাত্রা থেকে ছিটকে পড়েছেন।

ঘোষিত তালিকায় সবচেয়ে বড় চমক ছিল জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের অনুপস্থিতি। এছাড়া দলের মিডিয়া সেলের পরিচিত মুখ এবং সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও এবার মনোনয়ন পাননি। বাদ পড়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের স্ত্রী ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী

দলের প্রয়াত শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদ, মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা অনেক জ্যেষ্ঠ নেত্রীর নাম আসেনি এই তালিকায়।

জাতীয়তাবাদী ঘরানার জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা এবং বর্তমানে চীনের বেইজিং সফরে থাকা কণ্ঠশিল্পী বেবি নাজনীনের মনোনয়ন পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তাঁদের কারোরই ভাগ্য সহায় হয়নি। এছাড়া মাত্র কয়েকদিন আগে বিএনপিতে যোগ দিয়ে চমক সৃষ্টি করা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও এই তালিকায় স্থান পেতে ব্যর্থ হয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের স্থায়ী কমিটির সদস্যরা দুই দিনব্যাপী প্রার্থীদের যোগ্যতা ও ত্যাগের বিচার-বিশ্লেষণ করে এই ৩৬ জনের তালিকা চূড়ান্ত করেছেন। যারা এবার সুযোগ পাননি, তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক মূল্যায়ন ভিন্নভাবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন