মাতারবাড়ী বন্দর নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন নয়: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক: কক্সবাজারের কৌশলগত গুরুত্বপূর্ণ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কেন্দ্রিক যেকোনো পরিকল্পনা বা সিদ্ধান্তে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার তাগিদ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এ মতামত তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, "মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে যেকোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সাধারণ জনগণ তা কখনোই মেনে নেবে না। এই প্রকল্প নিয়ে বাস্তবে কী হচ্ছে বা কোনো চুক্তি হচ্ছে কি না, তা স্পষ্ট ও স্বচ্ছভাবে জনগণের সামনে প্রকাশ করতে হবে।"
বিগত সরকারগুলোর কূটনৈতিক ও আঞ্চলিক সুবিধার সমালোচনা করে তিনি আরও বলেন, "অতীতেও বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডোর ইত্যাদি বিভিন্ন নামে অন্যান্য দেশকে নানাবিধ সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো বাস্তব সুফল লাভ করতে পারেনি।"
উন্নয়ন সহযোগী ও কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, "জাপান, চীন কিংবা অন্য যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশের ভৌগোলিক সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সর্বাঙ্গীন স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।" একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষার প্রাথমিক ও মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "এই জাতীয় বিষয়ে সরকারের কোনো ধরনের অবহেলা, ব্যর্থতা কিংবা আপসকামিতা দেখতে চায় না এ দেশের জনগণ।"
সকালবেলা / নুসরাত