জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিএনপির বিজয়ী এমপি
সকালবেলা অনলাইন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েই অনন্য রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে নির্বাচনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ছুটে যান তিনি।
সাক্ষাৎকালে দুই নেতা পরস্পরকে মিষ্টিমুখ করান এবং কুশল বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ আবহে আয়োজিত এ বৈঠকে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন পরাজিত প্রতিদ্বন্দ্বীকে পাশে নিয়ে সম্মিলিতভাবে আগামীর আধুনিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান।
অন্যদিকে, সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবনির্বাচিত সংসদ সদস্যকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। দুই নেতার এমন রাজনৈতিক সম্প্রীতি স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।
এআইএল/সকালবেলা