এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি থেকে একযোগে ২২ নেতার পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি থেকে একযোগে ২২ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্যঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। 

শুক্রবার (১৫ মে) সকালে বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ এই গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে প্রথমে চার নেতার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। তারা হলেন—কমিটির জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ, মাহতাব উদ্দীন আহমদ ও দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ। পরবর্তীতে শুক্রবার সকালে আরও ১৮ জনসহ মোট ২২ নেতার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, গত ১৪ মে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

পদত্যাগী নেতারা জানিয়েছেন, তারা আজই লিখিত পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব বরাবর পাঠাবেন। এ বিষয়ে মহানগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ শোয়াইব বলেন, কমিটি নিয়ে অনেকের প্রত্যাশা পূরণ না হওয়ায় এই মনোমালিন্য দেখা দিয়েছে, তবে তাদের জন্য আলোচনার পথ সব সময় খোলা থাকবে।

মন্তব্য করুন