সাভারে রাজউকের অভিযান: উচ্ছেদ হলো অনুমোদনহীন 'ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি'

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ
সাভারে রাজউকের অভিযান: উচ্ছেদ হলো অনুমোদনহীন 'ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি'
জাতীয় ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে অবৈধভাবে আবাসন প্রকল্প পরিচালনা ও প্লট বিক্রির অভিযোগে ঢাকার সাভারে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ নামে একটি প্রকল্পে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের বনগাঁম এলাকায় এ অভিযান পরিচালনা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রকল্পটির সাইট অফিস, বালি ভরাট কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ এবং বিভিন্ন স্থানে স্থাপিত চটকদার সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান। অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে রাজউকের কোনো বৈধ অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই অনুমোদনহীনভাবে চটকদার নানা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছিল প্রকল্পটি। অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালনা করায় আজ অভিযান চালিয়ে সব ধরনের স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রকল্পের যাবতীয় কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি অনুমোদন ছাড়া পুনরায় এ ধরনের কার্যক্রম বা অপচেষ্টা চালানো হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রের তথ্য মতে, আবাসন প্রকল্পটির সার্বিক দেখভাল ও পরিচালনার দায়িত্বে ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। তবে উচ্ছেদ অভিযানের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অভিযান চলাকালে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় থানা পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

মন্তব্য করুন