প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু
বিশেষ প্রতিনিধি: প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিয়ে যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি 'মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোথাও মাদকের কারখানা নেই। পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক পাঠানো হচ্ছে, যাতে দেশের তরুণরা ভবিষ্যতে আর ঘুরে দাঁড়াতে না পারে। মাদকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন যদি সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে লাগাম টেনে ধরা না হয়, তবে একসময় পুরো সমাজ ও দেশ ভেঙে পড়বে। তাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গ তুলে ধরে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবৃদ্ধি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে নানা জঘন্য অপরাধ সংঘটিত করেছে। মানুষ, গুম ও খুন করলেও তাদের কোনো অনুশোচনা নেই; উল্টো তারা দেশে ফেরার মিথ্যা স্বপ্ন দেখছে। জনগণের কাছে ভুল স্বীকার না করা পর্যন্ত এরা গণতন্ত্র ও দেশের শত্রু হিসেবেই বিবেচিত হবে। এদের যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি উপস্থিত ছিলেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।
এআইএল/সকালবেলা