কক্সবাজারের যুবলীগ ক্যাডার ‘গুঁজা মোনাফ’ আটক
বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা-বাগান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা যুবলীগের ক্যাডার মোনাফ সিকদার ওরফে ‘গুঁজা মোনাফ’ ও তাঁর সহযোগী রানাকে আটক করেছে পুলিশ।
আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক ফৌজদারি মামলা রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার ব্যবহার করে যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। ওই ঘটনার পরপরই আসামিদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা মোনাফ সিকদার ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা