বিশ্ববাজারে বিশ্বরেকর্ড গড়ে বাড়ছে সোনার দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
বিশ্ববাজারে বিশ্বরেকর্ড গড়ে বাড়ছে সোনার দাম

অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সাম্প্রতিক নীতিনির্ধারণী বার্তার পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স পৌঁছেছে ৪ হাজার ৩১২ দশমিক ০৫ মার্কিন ডলারে।

এর আগে গত বুধবার বাজার নিম্নমুখী হয়ে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে চলতি বছরের ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ৩৫১ ডলারে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, ফেড সুদের হার বৃদ্ধি এবং আগামীতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিলেও মূল্যস্ফীতি ও বিশ্ব অর্থনীতির অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষার হাতিয়ার হিসেবে বিশ্বজুড়ে সোনার চাহিদা ঊর্ধ্বমুখী। উচ্চ সুদের হারের কারণে বন্ড বা অন্যান্য সুদের সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ার কথা থাকলেও সোনার বাজার বিপরীত ধারা ধরে রেখেছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলার, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১,৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১,২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে নতুন দর

বিশ্ববাজারের উত্তাপের প্রভাব পড়েছে বাংলাদেশের রূপালী ও সোনালী অলঙ্কারের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দর নিম্নরূপ:

  • ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

  • ২১ ক্যারেট: প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি সোনা ভ্যাটসহ ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকায় বিক্রি হচ্ছে।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায়।

  • রুপা: ২২ ক্যারেটের এক ভরি রুপার অলঙ্কারের দাম ভ্যাটসহ ধরা হয়েছে ৫ হাজার ১৬ টাকা।

মন্তব্য করুন