মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানাকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানাকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহারের দায়ে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ‘চকো আইসক্রিম ফ্যাক্টরি’ নামের প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে কারখানার ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য তৈরির কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন