বাবরের উদ্যোগে ওমরাহ পালনে ৪৬ বিএনপি নেতা
মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন এলাকার বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতাকর্মী।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তাঁরা সফলভাবে সৌদি আরব পৌঁছান। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাঁদের দেশে ফিরে আসার কথা রয়েছে।
জানা গেছে, স্থানীয় নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসন পালনে উৎসাহিত করতে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানিয়েছেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে নির্বাচনী এলাকার মদন উপজেলার ১৫ জন, মোহনগঞ্জ উপজেলার ১৮ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জনসহ মোট ৪৬ জনের এই প্রতিনিধি দলটি পবিত্র ওমরাহ পালন করছেন। নেতাকর্মীদের এই কাফেলার সঙ্গে পিএস মির্জা মো. হায়দার আলী নিজেও সৌদি আরব গমন করেছেন।
যারা ওমরাহ কাফেলায় অংশ নিয়েছেন:
মদন উপজেলা থেকে: উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সহ-সভাপতি আবু তাহের আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে এলাহি টুটন, উপদেষ্টা রমজান মাস্টার, সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল সভাপতি এস এইচ টিপুল, ছাত্রদল সভাপতি শামীম হাসান, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান মানিক ও সাবেক উলামা দল সভাপতি মুফতি আব্দুর রব।
মোহনগঞ্জ উপজেলা থেকে: উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদারসহ মোট ১৮ জন।
খালিয়াজুরী উপজেলা থেকে: উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সহ-সভাপতি মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়াসহ মোট ১১ জন।
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই ওমরাহ কাফেলায় অন্তর্ভুক্ত রয়েছেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততার মাঝে পবিত্র ওমরাহ পালনের এই সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এমপি মহোদয় আমাদের আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য তাঁর প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করব।”
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, একসঙ্গে এতজন নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় আমরা লুৎফুজ্জামান বাবরের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।