ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (ফাইল ছবি)।

দেশে যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, “ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।”

আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আমরা এ দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি।”

বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট চক্র এখনও বাইরে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সেই সমস্ত ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ চূর্ণ করে দিয়েছি। দেশের মাটিতে তাদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের পরিবার সারা দেশে পুরোপুরি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং উন্নয়নের এই অপ্রতিরোধ্য ধারা সর্বদা অব্যাহত রাখা হবে।

সম্প্রতি দুষ্কৃতকারীদের দ্বারা দুটি বাসে আগুন দেওয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “যারা মনে করছেন দুটি বাস পুড়িয়ে এবং বিশেষ কোনো চক্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখাতে পারবেন, তাদের স্পষ্টভাবে সাবধান করে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বীর সৈনিকেরা দেশের জনগণকে সঙ্গে যেভাবে আপনাদের ক্ষমতাচ্যুত করে দেশ থেকে তাড়িয়েছে, প্রয়োজনে তাদের এ দেশ থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হবে। এই দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না।”

আইনি বিচারের প্রসঙ্গ টেনে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, “আপনাদের এ দেশের আইনের আওতায় এনে এ দেশের জনগণই উপযুক্ত বিচার করবে। তবে আমরা বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তেই বিচারের আহ্বানে আপনাদের সাহস থাকলে দেশে ফিরে আসা উচিত।”

এর আগে বুধবার দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিশোরগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্তব্য করুন