ছাত্রদল না থাকলে ছাত্রলীগ শিবিরকে গুপ্ত বানিয়ে দিত: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল রাজপথে সক্রিয় ও শক্তিশালী অবস্থানে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ রাজনৈতিক সংগঠনে পরিণত করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই রাজনৈতিক মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মুহাম্মদ রাশেদ খাঁন লেখেন, “ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে যাঁদের ভয়ে অনেকে আত্মগোপনে ছিলেন কিংবা ছাত্রলীগের লেবাসে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন, তাঁরাই এখন কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী বা অন্য অঞ্চল থেকে সরাতে চান—সে প্রশ্ন তোলেন তিনি।
জামায়াত-শিবিরের বর্তমান রাজনৈতিক আচরণের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “দেখেন, এরা বিরোধী দল হয়েই কুকুরের মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অনুমেয় না?”
তিনি আরও বলেন, “বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে!” তাদের কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন একসময় বিএনপিকে শান্তিতে দেশ চালাতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন, জামায়াত-শিবিরও এখন অনেকটা সেই একই পথ অনুসরণ করছে।
পোস্টের শেষে মুহাম্মদ রাশেদ খাঁন সতর্ক করে বলেন, সময়মতো জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে তারা ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরও বেশি কঠোর ও অসহিষ্ণু হয়ে উঠতে পারে।