ভয় দেখিয়ে ও অরাজকতা করে আওয়ামী লীগ আর দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না: এমপি খোকন তালুকদার
কালকিনি ও ডাসার প্রতিনিধি: দেশে ভয় দেখিয়ে ও অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগ আর কখনো মাঠে বা রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমপি খোকন তালুকদার তাঁর বক্তব্যে বলেন, “সারা দেশে আবার নতুন করে ফ্যাসিবাদের দোসরদের হুমকি-ধমকি এবং প্রশাসনের ওপর আঘাত হানার অপচেষ্টা শুরু হয়েছে। আবারও সেই বোমার আওয়াজ এবং গাড়ি পোড়ানোর পুরোনো খেলা চালুর চেষ্টা চলছে। তবে এসব করে কোনো লাভ হবে না। এ দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ ফ্যাসিবাদের স্থায়ী বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে। নতুন করে যারা আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা নস্যাৎ করতে চাইবে, জনগণ তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
বিরোধী শক্তির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর একটানা রাজপথে রক্তক্ষয়ী সংগ্রাম করে, হাজারো নেতার আত্মত্যাগ ও কারাবরণের মাধ্যমে আজ দেশের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অথচ একটি কুচক্রী মহল নতুন সরকার গঠিত হতে না হতেই ফের রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।” এ সময় বিভিন্ন রাজনৈতিক শক্তির উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “জাতীয়তাবাদী শক্তির শক্তিশালী উপস্থিতি মাঠ পর্যায়ে রয়েছে বলেই অনেকে আজ বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছেন। বিএনপি রাজপথে সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ রয়েছে বলেই কোনো স্বৈরাচারী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।”
প্রতিবাদ সমাবেশ ও দলীয় কর্মসূচি ছাড়াও কালকিনিতে বেশ কিছু সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য খোকন তালুকদার। সমাবেশ শেষে তিনি স্থানীয় শিক্ষার্থীদের মাঝে 'নজরুল বর্ষ' উপলক্ষে বিশেষ পুরস্কার বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এছাড়া সাম্প্রতিক ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে ফগার মেশিনের সাহায্যে কার্যকর মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা, শ্রমিক দল নেতা মোশারফ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, যুবদল নেতা তুহিন এবং পৌর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।