ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, দেশকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে সরকারের দেওয়া অঙ্গীকার অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের মতো জনকল্যাণমুখী কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "সবুজ ও ক্লিন বাংলাদেশ গড়ে তুলতে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বর্জন করতে হবে। ফসলি জমির উর্বর মাটি কাটা বন্ধসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে নৈতিকভাবে জাগ্রত হয়ে দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।"

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন