মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল মুনছুরের ইন্তেকাল

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল মুনছুরের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ সংলগ্ন চৌধুরীপাড়া কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করার কথা রয়েছে।

সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার বাসিন্দা সৈয়দ আবুল মুনছুর আজীবন সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এক শোকবার্তায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ও দেশসেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ ছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন