রাজধানীতে ছাত্রশক্তি নেতাকে ছুরিকাঘাত: মুখ ঢেকে এসে হামলা চালাল দুর্বৃত্তরা

রাজধানীতে ছাত্রশক্তি নেতাকে ছুরিকাঘাত: মুখ ঢেকে এসে হামলা চালাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে জুলাই বিপ্লবের অন্যতম ছাত্র সংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র এক নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শনির আখড়া এলাকায় মুখে কালো কাপড় পরা দুর্বৃত্তরা জানবীর ইব্রাহিম নামে ওই নেতার ওপর হামলা চালায়। জানবীর ইব্রাহিম ছাত্রশক্তি কদমতলী থানার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।

আহত জানবীর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি জানান, ওই রাতে রায়েরবাগে মামার বাড়ি থেকে হেঁটে শনির আখড়ায় নিজের বাসায় ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে পলাশপুর এলাকায় পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। এতে তাঁর ডান কাঁধ ও পিঠে গভীর ক্ষত তৈরি হয়। পরে বন্ধুরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার পর তিনি বর্তমানে বাসায় ফিরলেও শারীরিক অসুস্থতার কারণে তাঁর সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জখমের বিষয়টি নিশ্চিত করেছেন। কদমতলী থানা ছাত্রশক্তির সদস্য সচিব মাহফুজ জানান, হামলাকারীরা ছিনতাইকারী না কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই হামলা করেছে, তা এখনো স্পষ্ট নয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, এই হামলার ঘটনায় পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন