দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের

দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশ গড়তে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এক নির্বাচন-উত্তর সংবাদ সম্মেলনে তিনি এই ঐক্যের ডাক দেন।

বিকেল সাড়ে তিনটার পর শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফেরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচন শেষ, এখন দেশ গড়ার পালা। দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখবেন, জাতীয় ঐক্যই আমাদের শক্তি, আর বিভাজনই আমাদের দুর্বলতা। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক কাতারে আসতে হবে।”

বিজয়ের পর কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, “আমরা অত্যন্ত শান্তভাবে বিজয় উদযাপন করেছি। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমি আগেই দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে নিষেধ করেছি। আমরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে বিজয়ের শুকরিয়া আদায় করেছি।”

একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এই নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে।”

বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সরকার গঠন ও ভবিষ্যৎ রাষ্ট্রীয় নীতি নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য সংবাদ সম্মেলনে উপস্থিত বিদেশি সংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করে।

এন.ডি/সকালবেলা

মন্তব্য করুন