তারেক রহমানের মন্ত্রিসভায় ৩ পূর্ণ মন্ত্রী পেল কুমিল্লা জেলাবাসী

তারেক রহমানের মন্ত্রিসভায় ৩ পূর্ণ মন্ত্রী পেল কুমিল্লা জেলাবাসী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় এক অনন্য মাইলফলক স্পর্শ করল কুমিল্লা। এই প্রথম জেলা থেকে তিনজনকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। নতুন সরকারে কুমিল্লার এই শক্তিশালী প্রতিনিধিত্বের খবরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে; বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলাবাসীকে অভিনন্দন জানিয়ে অভিনন্দনের বন্যা বইছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এই তিন কৃতি সন্তানও শপথ গ্রহণ করেন।

মন্ত্রিসভায় কুমিল্লার যারা:

১. হাজী আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট মন্ত্রী): কুমিল্লার রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্তে এবারের নির্বাচনে অংশগ্রহণ না করলেও কুমিল্লা দক্ষিণের ৬টি আসনে দলের সমন্বয়ক হিসেবে নিরলস কাজ করে ‘ধানের শীষ’কে বিজয়ী করেছেন তিনি। তাঁর এই ত্যাগের পুরস্কার হিসেবে তাঁকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরের টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২. জাকারিয়া তাহের সুমন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী): কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা এবারই প্রথম মন্ত্রিসভায় স্থান পেলেন।

৩. শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম মন্ত্রী): কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। দীর্ঘ সংসদীয় ক্যারিয়ারে তিনিও এবারই প্রথম পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন।

এদিকে, কুমিল্লার তিন নেতার মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে নগরীসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। সাধারণ মানুষ আশা করছেন, একযোগে তিন পূর্ণ মন্ত্রী পাওয়ায় অবহেলিত কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন, কৃষি বিপ্লব এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বড় ধরনের পরিবর্তন আসবে।

মন্তব্য করুন