সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত বগি ও দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের ভিড়
জাতীয় ডেস্ক : সিরাজগঞ্জে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি মনসুর আলী স্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ট্রেনটির একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। তবে এতে এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে, এই দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনটি আটকে আছে। এ ছাড়া এই রুটের বিভিন্ন স্টেশনে আরও কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ত্রাণবাহী ট্রেন (রিলিপ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরিয়ে উদ্ধারকাজ শেষ করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন