কিয়েভ ‘ক্ষমা চাওয়ায়’ ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান!

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
কিয়েভ ‘ক্ষমা চাওয়ায়’ ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করল ইরান!

অনলাইন ডেস্ক: ইউক্রেনের নির্দিষ্ট তিনটি সামরিক ও কৌশলগত স্থানে সুনির্দিষ্ট আক্রমণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে তা বাতিল করার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি জানিয়েছেন, সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনার পর কিয়েভ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় এই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তবে নিজের এই দাবির সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি জানান, ইরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে সর্বোচ্চ মাত্রার আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু কিয়েভের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার পর পরিকল্পিত এই সামরিক অভিযানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ঘটেছিল গত ২৫ জুলাই। সেদিন ইরান অভিযোগ তোলে যে, আন্তর্জাতিক বাণিজ্য পথ কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে অন্যায়ভাবে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ওই মর্মান্তিক হামলায় এক ইরানি নাবিক নিহত হন বলে দাবি করে তেহরান।

ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে টেলিফোনে সরাসরি কথা বলেন এবং ওই হামলার উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানান, বাণিজ্যিক জাহাজে হামলাকে কেবল ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে চালিয়ে দেওয়ার কিয়েভের যুক্তি মোটেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার জন্য কিয়েভকে প্রকাশ্যে দায় স্বীকার করতে হবে। জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ধরনের উসকানিমূলক পদক্ষেপ কখনোই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

এদিকে কাস্পিয়ান সাগরের এই বাণিজ্যিক জাহাজে আক্রমণকে সরাসরি ইরানের সার্বভৌমেত্বের ওপর হামলা হিসেবে আখ্যা দিয়ে রাশিয়ার ক্রেমলিন প্রতিক্রিয়া জানায়। ক্রেমলিনের মতে, আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের আগ্রাসন প্রমাণ করে ইউক্রেন থেকে আসা নিরাপত্তা ঝুঁকি নির্মূল করা বৈশ্বিক শান্তির স্বার্থে কতটা জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য করুন