জুলাই-এ দেশের সকল মানুষের অর্জন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা নির্দিষ্ট গ্রুপের অর্জন নয়; জুলাই হচ্ছে এ দেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের অভূতপূর্ব অর্জন।”
তিনি উল্লেখ করেন, কোনো আন্দোলন-সংগ্রামই এক দিনে রূপ নেয় না; বরং দীর্ঘ দিনের রক্ত, ত্যাগ ও তিতিক্ষার ধারাবাহিক পথপরিক্রমায় চরম আত্মত্যাগের মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা অর্জিত হয়।
আজ সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' আয়োজিত ‘রক্তাক্ত জুলাই, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহিদ হোসেন বলেন, “গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের ওপর। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে জোরপূর্বক গুম ও খুন করা হয়েছে, যাঁদের সন্ধান আজও পর্যন্ত তাঁদের স্বজনরা পাননি।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “পরাজিত স্বৈরাচারী শক্তি এখনো এ দেশের সাধারণ মানুষের মধ্যে নানা কায়দায় বিভাজন সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। এই বিভাজন দেশের মানুষের জন্য আবারও নতুন দুর্ভোগ বয়ে আনবে। তাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে আমাদের সবাইকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে।”
জুলাই আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ এবং অঙ্গহানির শিকার বীর যোদ্ধাদের পাশে দাঁড়ানো গোটা জাতির নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ও আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা এবং পুনর্বাসনের লক্ষ্যে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে এককভাবে যেন কেউ পকেট বন্দি বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে। তাঁরা প্রকৃত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার জোর দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাগত বক্তব্য উপস্থাপন করেন।
|