পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে তিনি টাঙ্গাইল সদর উপজেলায় সরাসরি কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে প্রি-পাইলটিং প্রকল্পের সূচনা করবেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সেলের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরসহ দেশের মোট ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ জন কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি অর্থ সহায়তা সরাসরি পৌঁছে যাবে। এই কার্ডটি মূলত ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে, যা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের প্রদান করা হবে। কার্ডের মাধ্যমে শুধুমাত্র ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য ক্রয়ের জন্য বছরে আড়াই হাজার টাকা করে কৃষি প্রণোদনা পাবেন।

টাঙ্গাইল ছাড়াও প্রথম পর্যায়ের অন্য ১০টি উপজেলা হলো— পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী। এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল পরিচিতি নিশ্চিত হবে, যা সরকারি ভর্তুকি, ঋণ সুবিধা এবং কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন