হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮

অনলাইন ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৭৯ শিশু। এই নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৮৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহে এই তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি, সবকটি মৃত্যুই হামের উপসর্গজনিত কারণে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৪৯৮ জনসহ সর্বমোট ৫৮৮ শিশুর মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ৭২ হাজার ৭০ শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৫৭ হাজার ৯০২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ল্যাব টেস্টে ৯ হাজার ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১৭৯ শিশুর মধ্যে ৪৫ জনের শরীরে নিশ্চিত হামের জীবাণু এবং বাকি ১ হাজার ১৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

মন্তব্য করুন