আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
এআইএল/সকালবেলা