ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের সময় টিকার সেক্টরাল প্রোগ্রামের ফান্ড হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। গত রোববার (১৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই ঘটনার দায় নির্ধারণে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন।
ডা. তাসনিম জারা তাঁর পোস্টে বর্তমান সংসদ সদস্যদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্তুতিগাথা গাওয়ার জন্য নয়, বরং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে জবাবদিহি করতে মানুষ তাঁদের সংসদে পাঠিয়েছে। তিনি দেশে বর্তমান হামের প্রাদুর্ভাবের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশ্ন তোলেন যে, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় কেন হঠাৎ টিকার ফান্ড বন্ধ করা হয়েছিল এবং সিরিঞ্জের অভাবে কেন এমআর ভ্যাকসিন (হাম-রুবেলা) ক্যাম্পেইন আটকে গিয়েছিল। তিনি বলেন, "এই সিদ্ধান্তগুলোর দায় কার, সেটা সংসদীয় তদন্ত হওয়া উচিত।" ২০২৬ সালে হাম-রুবেলা নির্মূলের লক্ষ্যমাত্রা থেকে দেশ কতটা পিছিয়ে গেছে, তার রোডম্যাপ জানতে চাওয়ার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এছাড়া তাসনিম জারা তাঁর পোস্টে কেবল স্বাস্থ্য খাত নয়, বরং জ্বালানি সংকট, কৃষকদের ডিজেল সরবরাহ এবং দেশে চলমান ‘মব কালচার’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে মব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রশ্ন করতে তিনি সাংসদদের অনুরোধ করেন। দেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সংক্রান্ত অর্ডিন্যান্স আটকে থাকা নিয়েও তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। সংসদকে কার্যকর করতে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে তথ্যভিত্তিক প্রশ্ন তোলার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন এই নেত্রী।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ