৭ দিনের মধ্যে হাদি হত্যাকারীদের সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
৭ দিনের মধ্যে হাদি হত্যাকারীদের সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান।

আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে ওসমান হাদির সমাধিস্থলের সামনের রাস্তায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ঘোষণা দেওয়া হয়, আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি হাদি হত্যাকারীদের নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিত করতে সময়সীমা দিতে না পারে, তাহলে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার তিন মাস হয়ে গেলেও এখন পর্যন্ত ওসমান হাদির বিচারের ব্যাপারে কোনো ধরনের সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে পারেনি। সরকার বারবার বলছে হত্যাকারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, কিন্তু এই প্রক্রিয়া কতদিন চলবে তা তারা জানতে চান।

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলে নিয়ে সত্য-মিথ্যা উদ্‌ঘাটন করা উচিত ছিল। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী পরাজিত প্রার্থীর কোনো কথা আমলে নিচ্ছেন না বলে যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেন তিনি।

জাবের জানান, হাদি হত্যার বিচারের দাবিতে তাঁরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা বা আলটিমেটাম দেবেন না। এখন আলটিমেটাম ও দফা সরকারকেই দিতে হবে, অন্যথায় ইনকিলাব মঞ্চ এখন চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে।

সংগঠনটির পক্ষ থেকে আগামী সাত দিনের মধ্যে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দুটি বিষয়ে স্পষ্ট বক্তব্য দাবি করা হয়। প্রথমত, জাতিসংঘের অধীনে তদন্তের ব্যাপারে তারা সম্মত হয়েছে নাকি বারণ করে দিয়েছে তা সরকারকে পরিষ্কার করতে হবে।

দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে হাদি হত্যায় ভারত ও বাংলাদেশের যে যোগসূত্র সুস্পষ্ট হয়েছে, তা আমলে নিয়ে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে কীভাবে এই খুনের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মন্তব্য করুন