বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের এই সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজ শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে দলটির মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সবাইকে সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, এখনকার রাজনীতিতে কোনো মূল্যবোধ নেই এবং পরিকল্পিতভাবে রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। একটি চক্র ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করে বেড়াচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের যে প্রক্রিয়া চলছে, তা বাধাগ্রস্ত করতেই কিছু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত শুরু করেছে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এই চক্রান্ত যেন কোনোভাবেই সফল না হয়, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম বড় দায়িত্ব।