নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।
নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যার সময় লিমন ঘরে একাই ছিলেন। ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। লিমনের একটি কন্যাসন্তান রয়েছে, যে বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির কাছে থাকে।
স্বজনরা জানান, ঘটনার ঠিক আগেই লিমন ঢাকায় অবস্থানরত তাঁর স্ত্রী উর্মির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও তীব্র মানসিক অবসাদের কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা-পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং আজ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।"
এআইএল/সকালবেলা