মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়াচক্র আয়োজিত ৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বেতাল ছুবেজ্জামান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালিয়া ফুটবল একাডেমি।
আজ শুক্রবার বিকেলে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে এই জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নাইজেরিয়া ও উগান্ডার বিদেশি খেলোয়াড় এবং জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের অংশগ্রহণে ম্যাচটি আন্তর্জাতিক মানের ফুটবলের আবহ সৃষ্টি করে। এই রুদ্ধশ্বাস ম্যাচটি দেখতে কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০ হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান।
খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ১-০ গোলে বেতাল ছুবেজ্জামান একাদশকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বোয়ালিয়া ফুটবল একাডেমি। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ট্রফি ও এক লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। তিনি দর্শকদের সুবিধার্থে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দেন এবং আগামী বছরের টুর্নামেন্ট শুরুর আগেই এই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আচমিতা জর্জ ইনস্টিটিউশন পরিচালনা কমিটির সভাপতি মো. আশফাক আহমেদ জুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, আচমিতা জর্জ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা