দুই চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর আয়ারল্যান্ডের নিষেধাজ্ঞা

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ
দুই চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীর ওপর আয়ারল্যান্ডের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: চরম ডানপন্থী ও উগ্রপন্থী দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে আয়ারল্যান্ড সরকার। আয়ারল্যান্ডের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক নীতিমালার আলোকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা দুই মন্ত্রী হলেন— ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এই আদেশের ফলে তাঁদের আয়ারল্যান্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এই বিষয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, "এই ইসরায়েলি মন্ত্রীরা গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা (ত্রাণবহর) কাফেলার সাথে কেবল অমানবিক আচরণই করেননি, বরং ফিলিস্তিনিদের নিয়ে ক্রমাগত এমন সব উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যা স্পষ্ট প্রমাণ করে যে, তাঁরা ফিলিস্তিনিদের সম্পূর্ণ নির্মূল দেখতে চান।"

উল্লেখ্য, বেন-গ্যভির এবং বেজালেল স্মোট্রিচ উভয়ের বিরুদ্ধেই ফিলিস্তিনিদের ওপর গণহত্যামূলক বক্তব্য দেওয়ার এবং বর্ণবিদ্বেষ ছড়ানোর তীব্র অভিযোগ রয়েছে। এর আগেও ফিলিস্তিন ও গাজা ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ এই দুই উগ্রপন্থী মন্ত্রীর ওপর বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সূত্র: ডেইলি জং। 

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন