পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

প্রকাশ: শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রলীগ-যুবলীগের মিছিল

নোয়াখালীতে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক: নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ। মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ার মুখে একপর্যায়ে তারা সরে যায়। আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এই মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজারের বেশি কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি বের করা হলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই তারা মিছিল নিয়ে অগ্রসর হন এবং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, আমরা যারা রাজপথে নেমেছি, তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হব না এবং রাজপথ ছাড়ব না। দেশে বর্তমানে সন্ত্রাসী ও চাঁদাবাজি বেড়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে অন্যায়ের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকেই আমরা আজ রাজপথে নেমেছি।

এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল। কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বেশি ছিল বলে তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন