সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক সমাবেশে সরকারকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার পরদিন নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাওলানা হাবিবুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করতে গিয়ে সিলেটি আঞ্চলিক ভাষার একটি নেতিবাচক শব্দ ব্যবহার করেন। পরবর্তীতে তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
সমালোচনার মুখে আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান লেখেন, “গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। এতে আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই শব্দ চয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
এআইএল/সকালবেলা