আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে লঘুচাপ, বাড়বে বৃষ্টির প্রবণতা
অনলাইন ডেস্ক: আগামী ৫ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাসের মধ্য দিয়ে আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের ব্যাপ্তি বাড়তে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় হলেও এর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে (৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে (২১.৫ ডিগ্রি সেলসিয়াস)। একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।