ব্যালন ডি’অর ২০২৬ জয়ের দৌড়ে হ্যারি কেইন ও লামিনে ইয়ামাল

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ
ব্যালন ডি’অর ২০২৬ জয়ের দৌড়ে হ্যারি কেইন ও লামিনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের একক শ্রেষ্ঠত্বের প্রতীক ‘ব্যালন ডি’অর’ এবার কার হাতে শোভা পাবে, তা নিয়ে ক্রীড়াপ্রেমী ও বিশ্লেষকদের মাঝে চলছে নানা অংক ও সমীকরণ। আন্তর্জাতিক ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজারের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন। তবে তাকে ছেড়ে কথা বলছেন না বার্সেলোনার তরুণ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে এবং ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও রয়েছেন জোর আলোচনায়।

ফুটবলভিত্তিক এনালাইসিস প্ল্যাটফর্মগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, এবার হ্যারি কেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা প্রায় ৬৬ শতাংশ, যেখানে তাঁর নিকটতম প্রতিযোগী ইয়ামালের সম্ভাবনা দেখাচ্ছে ২৮ শতাংশ। বাকি সম্ভাবনা ভাগ হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে। গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও জাতীয় দলের হয়ে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে মোট ৬৪টি সরাসরি অবদানে সবার ওপরে ছিলেন কেইন। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের অবদান ছিল ৬০ গোলে। এছাড়া মাইকেল ওলিসে (৫২), আর্লিং হালান্ড (৫০) ও লুইস দিয়াজের (৪১) তুলনায় গোল ও অ্যাসিস্টে বেশ ব্যবধানে এগিয়ে আছেন কেইন। অন্যদিকে ৩৮টি গোলে সরাসরি অবদান থাকলেও সতীর্থদের জন্য সুযোগ তৈরি ও বড় ম্যাচে একক প্রভাব ফেলে আলোচনায় আছেন ১৮ বছর বয়সী ইয়ামাল।

ব্যালন ডি’অরের চূড়ান্ত বিজয়ী নির্বাচন করার দায়িত্বে থাকেন ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০০ দেশের মনোনীত প্রতিনিধি ও ক্রীড়া সাংবাদিকেরা। প্রতিটি দেশের প্রতিনিধি শীর্ষ ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে পয়েন্ট প্রদান করেন। এক্ষেত্রে কেবল একক গোল বা অ্যাসিস্ট নয়, বিবেচনায় নেওয়া হয় খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় ট্রফি জয় এবং মাঠে ক্রীড়াসুলভ আচরণ বা ফেয়ার প্লে। গত মৌসুমে ‘ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া’র ‘টিম অব দ্য মান্থ’-এ রেকর্ড সর্বোচ্চ ৮ বার জায়গা করে নিয়েছিলেন কেইন।

আগামী সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে বিশ্বসেরা ফুটবলারের নাম। পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে কেইন ফেভারিট হলেও শেষ মুহূর্তে সাংবাদিকরা কাকে বেছে নেন, সেদিকেই তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব।

সকালবেলা / নুসরাত