মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ
বিশেষ প্রতিনিধি: বর্তমান মন্ত্রিসভার পরিধি আরও বড় হচ্ছে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন সদস্য। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
নতুন করে শপথ নিতে যাওয়া সম্ভাব্য সদস্যরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান এলাকার সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, এই শপথ গ্রহণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দফতর বণ্টনেও রদবদল হতে পারে। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
এদিকে বঙ্গভবনের দরবার হলে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, এ অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বহু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা
|