কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপির মৃত্যু

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ‘ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড’ (Phoenix Medical Centre Pvt Ltd) নামক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. জোয়াহেরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেইলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় সপরিবারে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় সেখানে তার সঙ্গে যোগ দেন। প্রবাসে থাকাকালীন তিনি নানা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হন।

অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশায় একজন আইনজীবী এই নেতার মৃত্যুতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরদেহ বর্তমানে হাসপাতালেই রাখা হয়েছে। শনিবার ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার ‘পিস হেভেন’-এ নিয়ে যাওয়া হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন হলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন