মোহনগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মোহনগঞ্জে সড়ক নির্মাণে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৩ নং তেতুলিয়া ও ৭ নং গাগলাজুর ইউনিয়নের সংযোগস্থলে তেতুলিয়া-গাগলাজুর আরসিসি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং দীর্ঘসূত্রিতার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে নওগাঁ ও নয়াপাড়ার মধ্যবর্তী স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবং কাজের মান নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপু। বক্তারা বলেন, এই সড়কটি দুই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। কিন্তু উন্নয়নের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে জনগনের সাথে প্রহসন করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে মানসম্মতভাবে কাজ শেষ না করলে উপজেলা প্রশাসনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার কাদা ও ভাঙনের ফলে কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান জানান, নিম্নমানের কাজের অভিযোগটি সঠিক নয়, তবে মূল সমস্যা হচ্ছে কাজের ধীরগতি। তিনি বলেন, নির্বাচনের সময় শ্রমিকরা চলে যাওয়ার পর ঠিকাদার এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারেননি। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়মিত তাগিদ দিচ্ছি এবং চিঠিপত্র পাঠাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যদি দ্রুত কাজ শুরু না হয়, তবে কার্যাদেশ বাতিলের (বাতিলকরণ) প্রক্রিয়া শুরু করা হবে। উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন