জনসেবার অঙ্গীকারে মাঠে নামলেন মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু

জনসেবার অঙ্গীকারে মাঠে নামলেন মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু শপথ গ্রহণের পর এক অনন্য নিষ্ঠা ও জনসেবার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে তাঁর প্রথম কার্যদিবস শুরু করেছেন। রোববার (১ মার্চ) সকালে নিজ এলাকায় ফেরার পর তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনায় এমপি জাকির হোসেন বাবলু প্রথমে তাঁর নিজ পিতা-মাতা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করেন। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। পারিবারিক এই আবেগঘন মুহূর্তের পর তিনি সরাসরি জনসেবামূলক কাজে মনোনিবেশ করেন।

এরপর তিনি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনদুর্ভোগ লাঘব, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জাকির হোসেন বাবলু সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর আহ্বান জানান। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সরকারি সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।

মুক্তাগাছার স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তরুণ ও উদ্যমী এই সংসদ সদস্যের নেতৃত্বে এলাকায় স্থবির হয়ে থাকা উন্নয়ন কর্মকাণ্ডগুলো আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রমে দ্রুত ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন