ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী মাঠে এখন দ্বিমুখী লড়াইয়ের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন জেলা সভাপতি রেজাউল করিম বাদশা এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া শহর আমীর আবিদুর রহমান সোহেল।
শুক্রবার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রেজাউল করিম বাদশা। মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি জানান, সদরবাসীর অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, শনিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আবিদুর রহমান সোহেলের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষিত হয়। ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। আগামী ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩০ জন। উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বগুড়ার রাজপথ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ