আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে: ভূমি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো: ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ কেবল ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ দেউলিয়ায় পরিণত হয়েছে। 

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল ও ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

মীর হেলাল বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা এবং বিএনপি একটি সহনশীল দল। অথচ আওয়ামী লীগের দেউলিয়াত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ যখন জানাজায় শেষ যাত্রার দোয়া পড়ে, সেখানেও ১০-২০ জন ছেলে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করতে চায়। এর মাধ্যমেই প্রমাণ হয় তারা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া।” তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করে না এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চায়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন