নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন এবং আমেরিকার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা এসব প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের তিন-চার দিন আগে তড়িঘড়ি করে আমেরিকার সঙ্গে ১০ বছরের একটি বাণিজ্য চুক্তি করা হয়েছে, যা মূলত দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার নামান্তর। তারা এই চুক্তিকে ‘গোলামি চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এই চুক্তির বিস্তারিত অবিলম্বে জাতির সামনে প্রকাশ করতে হবে। জনগণ যদি এই চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে, তবে তা অবিলম্বে বাতিল করে বের হয়ে আসতে হবে। এ সময় তারা সরকার ও বিরোধী দলের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে জমিয়ত নেতারা বলেন, ভারতের প্রাদেশিক নির্বাচনে কলকাতায় শুভেন্দু অধিকারী জয়ী হওয়ার পর থেকেই সেখানে মুসলমানদের ওপর নির্যাতন শুরু হয়েছে। আধুনিক বিশ্বে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ কোনোভাবেই বরদাশত করা যায় না। ৫ আগস্টের বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, দেশের মানুষ কোনো আধিপত্যবাদ বা বিদেশের গোলামি মেনে নেবে না।
সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মো. সিদ্দিক, হোসাইন আহমাদ, ফেরদৌস আলম এবং জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খানসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।