স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফারাক্কা বাঁধ চালু রাখায় তা বাংলাদেশের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে।
১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো জনতা লংমার্চের মাধ্যমে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই কর্মসূচির মাধ্যমেই ফারাক্কা ইস্যুটি বিশ্ব সম্প্রদায়ের নজরে এসেছিল।
বাণীতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতকে উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। সেই বাঁধ দীর্ঘ বছর ধরে চালু থাকায় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের ভ্রান্ত নীতির কারণেই দেশবাসী পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
ফখরুল আরও বলেন, কেবল গঙ্গা নয়, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একতরফা বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার করায় বাংলাদেশের অস্তিত্ব আজ বিপন্ন। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে পানি প্রত্যাহারের এই প্রক্রিয়া বন্ধ না হলে দেশ বড় ধরনের সংকটে পড়বে বলে তিনি হুশিয়ারি দেন। পরিশেষে, ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
এ.আই.এল/সকালবেলা