আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একাধিক শক্তিশালী হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৫ মে) পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তাদের অভিযানে ইসরায়েলি ট্যাংক, সামরিক বুলডোজার ও সেনাসদস্যদের অবস্থান সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, বায়াদা শহরের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংকে তারা সরাসরি হামলা চালিয়েছে। এছাড়া খিয়াম শহরে অভিযানরত তিনটি ইসরায়েলি সামরিক বুলডোজার লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়। পাশাপাশি রাশাফ শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর রকেট ও কামান হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
তবে হিজবুল্লাহর এসব হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে বর্তমানে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নিয়মিত তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে নতুন করে শান্তি আলোচনার প্রস্তুতির খবর পাওয়া গেলেও সীমান্ত এলাকায় সংঘাত থামছে না। বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান এবং হিজবুল্লাহর পাল্টা প্রতিরোধের কারণে ওই অঞ্চলে উত্তেজনা এখন চরমে।