বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: সরকারি অর্থে উন্নয়ন হলেও বরিশাল সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে জবাবদিহিহীন অপচয়, অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। মাঝারি একটি পুকুরে তিনটি ঘাটলা, ব্যবহারের অযোগ্য ওয়াকওয়ে আর ছয় মাসেই বিকল হওয়া সোলার প্যানেল নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলার ১০টি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনার মূল কেন্দ্র এই কমপ্লেক্স। গত বছরের ডিসেম্বরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা উপেক্ষা করে কর্মকর্তাদের ব্যক্তিগত পছন্দে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে। একটি মাঝারি পুকুরেই নির্মাণ করা হয়েছে তিনটি ঘাটলা, যা কেউ ব্যবহার করে না। এছাড়া ওয়াকওয়েটিও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

উন্নয়ন কাজের মান নিয়েও উঠেছে বড় প্রশ্ন। স্থাপনের মাত্র ছয় মাসের মাথায় বিকল হয়ে গেছে সোলার প্যানেলগুলো। ভবন সংস্কারের কাজেও ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশেই থাকা গণগ্রন্থাগারটি দীর্ঘদিন বন্ধ এবং সরকারি কোয়ার্টারের ভাড়ার হিসেব নিয়েও স্বচ্ছতার অভাব রয়েছে বলে জানা গেছে।

অনিয়মের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ দাবি করেন, কাজ যথাযথভাবেই হয়েছে এবং কোনো অনিয়ম হয়নি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা জানান, যদি কোথাও সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন