আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে বড় অংকের বিনিয়োগের প্রতিশ্রুতির মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও ঘুষের মামলা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দেশটির বিচার বিভাগ। আদানির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির পরেই এই আইনি মোড় পরিবর্তনের খবর সামনে এলো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার আদানি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি করেছেন। ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ঘিরে এই মামলা হয়েছিল। নতুন সমঝোতা অনুযায়ী, গৌতম আদানি ও তাঁর ভাতিজা সাগর আদানি ১ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন। তবে তাঁরা কোনো ধরনের অপরাধ স্বীকার বা অস্বীকার করেননি।
আদানির পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন রবার্ট জিউফ্রা, যিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও পরিচিত। গত মাসে বিচার বিভাগের কাছে জমা দেওয়া ১০০ পৃষ্ঠার এক উপস্থাপনায় জিউফ্রা যুক্তি দেন যে, মামলাটি বিচারিক এখতিয়ারহীন এবং এতে পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি স্পষ্টভাবে জানান, মামলা চলমান থাকলে আদানির পক্ষে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়ন করা সম্ভব হবে না।
২০২৪ সালের নভেম্বরে ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে তিনি ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন এবং বিনিয়োগকারীদের কাছ থেকে সেই তথ্য গোপন করে ৩ বিলিয়ন ডলারের বেশি ঋণ সংগ্রহ করেছেন। যদিও আদানি গ্রুপ প্রথম থেকেই এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে আসছিল। এখন আদালতের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমেই এই মামলা প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।