৫ বছর পর ধারাবাহিকে তানজিম সাইয়ারা তটিনী

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ
৫ বছর পর ধারাবাহিকে তানজিম সাইয়ারা তটিনী
ফিরে আসার গল্প’ ধারাবাহিকে তটিনীর প্রথম লুক

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকের অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় ও সম্ভাবনাময় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খ্যাতিমান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে আবারও ধারাবাহিকে নিয়মিত হচ্ছেন তিনি।

নতুন এই নাটকে তটিনীকে দর্শক ‘নূরজাহান’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাবেন। সম্প্রতি প্রযোজনা সংস্থা সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট তাদের সোশ্যাল মিডিয়া পেজে তটিনীর ফার্স্ট লুক প্রকাশ করার পর থেকেই নাটকটি নিয়ে দর্শক ও ভক্তদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

একটি একান্নবর্তী ও পারিবারিক আবহের গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া ‘ফিরে আসার গল্প’ নাটকে তটিনীর সাথে অভিনয় করছেন একঝাঁক তারকাশিল্পী। তালিকায় রয়েছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, ডক্টর এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। উল্লেখ্য, এই ধারাবাহিকটির মাধ্যমেই দীর্ঘ সময় পর ছোট পর্দায় প্রত্যাবর্তন করছেন অভিনেত্রী সুমাইয়া শিমু।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, চিত্রনাট্য ও কলাকুশলী নির্বাচনের কাজ শেষ পর্যায়ে। আগামী মাস থেকেই ঢাকার ভেতরে ও বাইরে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্প্রচারের তারিখ ও চ্যানেলের নাম প্রকাশ করা হবে।

এর আগে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ এবং ‘সম্পর্কের গল্প’ শিরোনামের নাটকে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছিলেন তটিনী। সম্প্রতি এই নির্মাতার ‘পথহারা’ নামের আরেকটি একক নাটকের কাজও শেষ করেছেন তিনি।

উল্লেখ্য, তটিনী অভিনীত সর্বশেষ একক নাটক জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। ফারহান আহমেদ জোভানের বিপরীতে তাঁর এই রসায়ন মুক্তির মাত্র আট দিনের মাথায় ১৩ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে। এদিকে, আজ প্রকাশিত হতে যাচ্ছে পার্থ শেখের সাথে তটিনীর নতুন একক নাটক ‘অমর প্রেম’।

মন্তব্য করুন